মো: জাফর আলী:: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের পূবাইলে অনুষ্ঠিত হয়েছে আনন্দ র্যালি ও জনসমাবেশ। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দিনব্যাপী এই কর্মসূচিতে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে দলীয় পতাকা ও ব্যানার-ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য র্যালি থানার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিরের বাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন।
৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ও ধানের শীষে ভোটের আহ্বান করে প্রধান অতিথি গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন বলেন, শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে আবারও সংগঠিত হতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে আমরা ৩১ দফা রোডম্যাপ তৈরি করেছি, যা বাস্তবায়ন করলেই দেশের প্রকৃত উন্নয়ন নিশ্চিত হবে। সমাবেশে সভাপতিত্ব করেন পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান কাজল এবং সঞ্চালনায় ছিলেন হারুন অর রশিদ।
জনসেবা পৌঁছাবে দোরগোড়ায়—এই প্রতিশ্রুতি দিয়ে বক্তারা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উন্নয়নে অবদান রাখতে পারছে না। তাদের উন্নয়ন কথার মধ্যেই সীমাবদ্ধ। বিএনপি জনগণের দুঃখ-কষ্ট লাঘবে বাস্তবমুখী পরিকল্পনা নিয়েছে। বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে জনসেবা পৌঁছে যাবে ঘরে ঘরে। নির্বাচিত সরকার ছাড়া এদেশে প্রকৃত উন্নয়ন অসম্ভব। সমাবেশে আরও বক্তব্য রাখেন পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ জীবন, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম বাবু, খালেদ মোশাররফসহ অন্য নেতারা। এ সময় নেতারা সরকারের দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যুব কর্মসংস্থান সংকট, মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন ইস্যুতে তীব্র সমালোচনা করেন এবং দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার দ্রুত দেশে ফেরার আশা প্রকাশ করেন। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে ‘সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন’-এর দাবি জানান তারা।