দেওয়ান মোহাম্মদ মনিরুজ্জামান, বিশেষ প্রতিবেদক:: রাজধানীর উত্তরা এলাকায় বিমানবাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অভিভাবকেরা গতকাল স্মারকলিপি প্রদান করতে চাইলে তা নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এ প্রসঙ্গে আজ সোমবার কলেজ কর্তৃপক্ষ একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের কয়েকজন সদস্য কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি দিতে আগ্রহ প্রকাশ করেন। অধ্যক্ষ তা গ্রহণের ব্যাপারে সম্মতিও জানান। তবে সে সময় শিক্ষা কার্যক্রম চলমান থাকায় কর্তৃপক্ষ তাঁদেরকে প্রতিনিধির মাধ্যমে স্মারকলিপি হস্তান্তরের অনুরোধ করে।
কর্তৃপক্ষের দাবি, কিছু অভিভাবক কলেজের প্রধান ফটকে এসে নিয়ম মেনে প্রবেশ না করে জোরপূর্বক ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এর ফলে ক্যাম্পাসে সাময়িক বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং তাঁরা সেমিনার কক্ষে প্রবেশ করেন। পরে কলেজের এক উপাধ্যক্ষ তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও শেষ পর্যন্ত অভিভাবকেরা স্মারকলিপি প্রদান না করেই সেখান থেকে চলে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ১২টার দিকে নিহত শিক্ষার্থীদের অভিভাবকেরা ক্যাম্পাসের মূল ফটকের সামনে জড়ো হন। প্রায় আধঘণ্টা পর তাঁরা সাংবাদিকদের নিয়ে ভেতরে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন। পরে সাংবাদিকদের সঙ্গেই তাঁরা কলেজ প্রাঙ্গণে প্রবেশ করতে সক্ষম হন। মাইলস্টোন কর্তৃপক্ষ তাঁদের মধ্যে কয়েকজনকে অধ্যক্ষের কক্ষে স্মারকলিপি জমা দেওয়ার প্রস্তাব দিলে অভিভাবকেরা গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে তা দিতে চান। কলেজ কর্তৃপক্ষ সে প্রস্তাবে সায় না দেওয়ায় শেষ পর্যন্ত তাঁরা ক্যাম্পাস ত্যাগ করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দিয়াবাড়ি ক্যাম্পাসে শিক্ষার্থীদের আবাসিক হল রয়েছে। ফলে নিরাপত্তার বিষয়টি সর্বদা গুরুত্ব দিয়ে দেখা হয়। অতিরিক্ত ভিড় বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কার্যক্রম এড়িয়ে শিক্ষা কার্যক্রম সচল রাখা কলেজ প্রশাসনের অঙ্গীকার। একই সঙ্গে ভবিষ্যতেও সকল পক্ষের সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠানটি।