স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার সকাল থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে র্যালি, উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে তিনজন সফল ব্যবসায়ী বক্তব্য রাখেন।
বক্তারা মৎস্য সম্পদের উন্নয়ন, অভয়াশ্রম গড়ে তোলার প্রয়োজনীয়তা এবং দেশি মাছের উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদানসহ নানা বিষয় তুলে ধরেন। পরে মৎস্য চাষে বিশেষ অবদান রাখা সফল চাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অপরদিকে জেলার কাপাসিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আশরাফুল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. তামান্না তাসনীম। উপজেলা বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকিরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরুল আমিন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আউলিয়া খাতুন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, ছোঁয়া হ্যাচারি লিমিটেডের ম্যানেজার ড. রফিকুর রহমান, মৎস্য খামারী আ ন ম সফিকুল ইসলাম জ্যাকি প্রমুখ। পরে উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য খামারী, মৎস্য খাদ্য উৎপাদন ও মৎস্য চাষে সাফল্য অর্জন করার জন্য উপজেলার দস্যু নারায়ণপুর গ্রামের ছোঁয়া এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. টিপু সুলতান, তরগাঁও ইউনিয়নের মৈশন গ্রামের মেসার্স জ্যাকি মৎস্য খামারের ব্যবস্থাপনা পরিচালক আ ন ম সফিকুল ইসলাম জ্যাকি এবং দূর্গাপুর ইউনিয়নের রাওনাট গ্রামের মৎস্য খামারী মো. ইসমাইল হোসেনকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।