স্টাফ রিপোর্টার, টঙ্গী :: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকারের সাথে মতবিনিময় সভা করেছে নবগঠিত গাজীপুর-৬ (টঙ্গী পূর্ব থানা, টঙ্গী পশ্চিম থানা, পূবাইল থানা ও গাছা থানা) সংসদীয় এলাকার জাতীয়তাবাদী মহিলা দল। শনিবার সকাল ১১টায় টঙ্গী পশ্চিম থানার বড় দেওড়ায় আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন গোলাপ মঞ্চে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় হাসান উদ্দিন সরকার বলেন, দেশ গঠনে নারীর ভূমিকা অনস্বীকার্য। তারা সমাজের ভিত্তি এবং তাদের ছাড়া দেশের উন্নয়ন কল্পনা করা যায় না। সমাজের প্রতিটি ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
তিনি আরো বলেন, একজন আদর্শ মা সন্তান গড়ার কারিগর, কারণ প্রতিটি সন্তানের প্রথম শিক্ষক হলো তার মা, মা যদি সৎ হয় তাহলে সন্তানও সৎ হবে, মা যদি দ্বীনদার হয় তাহলে সন্তানও দ্বীনদার হবে। তাই আদর্শ সন্তান গঠনে মায়ের ভূমিকাই সবচে বেশি এবং কার্যকরী।
তিনি আরো বলেন, আদর্শ, চরিত্রবান, সুনাগরিক গড়ে তোলার দায়িত্ব ন্যস্ত রয়েছে মায়েদের উপর।নারীদের এ দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার উপর নির্ভর করছে সমগ্র জাতির সার্বিক কল্যাণ। একটি আদর্শ, সুখী, সুন্দর পরিবার নির্ভর করছে একজন আদর্শ মাতা, একজন আদর্শ স্ত্রীর উপর। একজন মা-ই তার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারেন। যে সন্তান দ্বারা সমাজ তথা সমগ্র জাতি উপকৃত হতে পারে।
গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনার সভাপতিত্বে ও টঙ্গী পশ্চিম থানা মহিলা দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাসনা হেনার সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর মহিলা দলের শ্রম বিষয়ক সম্পাদক ফেরদৌসী বেগম, গাছা থানা মহিলা দলের সভানেত্রী সালেহা বেগম, মহানগর মহিলা দলের নেত্রী আমিরুন নেছা, হালিমা বেগম, মোর্শেদা বেগম, মমতাজ বেগম, ইয়াসমিন বেগম, জানু বেগম প্রমুখ। এর আগে পবিত্র কুরআন থেকে মহিলা দল নেত্রী রূপা বেগমের তিলাওয়াতের মধ্য দিয়ে মতবিনিময় সভা শুরু হয়। সভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হাজী বাবর আলী, আতিকুর রহমান আতিক, শহীদ জিয়া স্মৃতি সংসদের গাজীপুর মহানগরের আহ্বায়ক নূরুল ইসলাম ফরহাদ প্রমুখ।
সভায় মহিলা নেত্রীরা বলেন, হাসান উদ্দিন সরকার টঙ্গী তথা গাজীপুরের উন্নয়নের রূপকার। তিনি পর পর দুই বার টঙ্গী পৌরসভার চেয়ারম্যান, সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান থাকাকালে উন্নয়নের এলাকার উন্নয়নের গোড়াপত্তন করেছিলেন। মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা বলেন, হাসান উদ্দিন সরকার গাজীপুরে ঝোপঝাড় পরিষ্কার করে শিয়াল তাড়িয়ে শিক্ষার আলো ছড়িয়েছেন। অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে শিল্প এলাকাকে শিক্ষা নগরীতে পরিণত করেছেন। কাজেই হাসান উদ্দিন সরকারই গাজীপুর-৬ আসন থেকে মনোনয়নের যোগ্য। তিনি ৃনোনয়ন পেলে এ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। মহিলা দল বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের বিজয় নিয়েই ঘরে ফিরবে ইনশাআল্লাহ।