নিজস্ব প্রতিবেদক :: বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ‘জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে শেখ হাসিনা বন্দুকের মুখে শাসন কায়েম করেছিলেন। দীর্ঘ লড়াই-সংগ্রামের ফলে আজ জনগণের সামনে মত প্রকাশের স্বাধীনতার নতুন সুযোগ এসেছে—এ সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।’ আজ রবিবার (১০ আগস্ট) যশোর শহরে মহিলা দলের ৩ ও ৯ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত পৃথক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক নার্গিস বেগম বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ রক্তের নদী পার হয়ে এবং লাশের ওপর পা রেখে ক্ষমতা দখল করেছিল। তারা বলেছিল, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশে রক্তের নদী বয়ে যাবে। কিন্তু ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর বিএনপির দায়িত্বশীল অবস্থানের কারণে কোথাও কোনো রক্তপাত হয়নি। আওয়ামী লীগের দ্বারা বিএনপির নেতাকর্মীরা চরম নির্যাতনের শিকার হয়েও প্রতিশোধমূলক কিছুই করেনি, কারণ বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বর্তমানে কিছু রাজনৈতিক দল ধর্মের অপব্যবহার করে বিভাজন তৈরির চেষ্টা করছে। অথচ বিএনপি শুরু থেকেই বলেছে—বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান সবার দেশ। প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা ভোগ করবে। কেউ যদি ধর্মীয় বিভেদ সৃষ্টি করে, তা আমরা প্রতিহত করব। আমাদের প্রধান পরিচয়—আমরা সবাই বাংলাদেশি। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মারুফ হোসেন, ৯ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহিদ লিটন, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা, সাংগঠনিক সম্পাদক আম্বিয়া মঞ্জুর মুক্তা প্রমুখ।