নিজস্ব প্রতিবেদক :: সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে গত সাতদিনে ১৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। এই সময়ে তাদের কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ককটেল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারত্বের সঙ্গে কাজ করে চলেছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় ৩১ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত ব্রিগেডের অধীনস্থ ইউনিটসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান হয়। এসব অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, ছিনতাইকারী, কিশোর গ্যাং, মাদক কারবারি ও মাদকাসক্তসহ মোট ১৩১ জন অপরাধীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের অপরাধীদের কাছ থেকে ৯টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২৮ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ১২টি ককটেল, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, চোরাই মালামাল ও নগদ অর্থ উদ্ধার করা হয়। গ্রেফতারদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী সরাসরি সম্পৃক্ত রয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যে কোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার করার জন্য অনুরোধ জানিয়েছে আইএসপিআর।