July 4, 2026, 11:41 am

প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি রেখেছেন: জামাল হায়দার

Reporter Name
  • আপডেট Wednesday, August 6, 2025
  • 65 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার। তিনি বলেন, ড. ইউনূস নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন সেজন্য তাকে ধন্যবাদ জানাই। কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। আশা করি দেশের গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান হবে।
তিনি বলেন, কিছুদিন আগে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে আমি সাংবাদিকদের বলেছিলাম যে, ৪/৫ দিনের মধ্যে সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন। প্রধান উপদেষ্টা সেদিন রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তার মনোভাব ব্যক্ত করেছিলেন। তবে আমার সে বক্তব্য নিয়ে সমালোচনা হয়েছে। অনেকেই কটাক্ষ করেছেন যে, প্রধান উপদেষ্টা কতকিছুই তো বলেন… ইত্যাদি। আল্লাহর অশেষ রহমতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. ইউনূস সে কথারই বাস্তবায়ন করেছেন। সেজন্য তাকে আবারও ধন্যবাদ। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনাইটেড লিবারেল পার্টির (ইউএলপি) আত্মপ্রকাশ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউএলপির চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. হুমায়ূন কবিরের সঞ্চালনায় বক্তব্য দেন ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার এমএ মান্নান, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবু হানিফ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুফতি শওকত আমিন, পিএনপির চেয়ারম্যান ফিরোজ মাহমুদ লিটন, ইউএলপির ভারপ্রাপ্ত মহাসচিব কামরুজ্জামান খান, নয়া গণতান্ত্রিক পার্টির মহাসচিব কাজী ইমরুল কায়েস প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইউএলপির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, শেখ স্বৈরশাসনের নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছি কিন্তু রাজপথ ছেড়ে যাইনি। হামলার শিকার হয়েছি, জেল খেটেছি তবুও বিএনপি ও ১২ দলীয় জোটের আন্দোলনে সক্রিয় ছিলাম এবং আছি, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ্।
তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছিলাম তবে ফ্যাসিবাদ পুরোপুরি দূর হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে। আমরা ইউএলপি ১২ দলীয় জোটের সঙ্গে থেকে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবো।
অন্য বক্তারা বলেন, দেশবিরোধী যারাই ষড়যন্ত্র করবে তাদের পরিণতি হবে শেখ হাসিনার মতো। অতএব সবাই সাবধান। আগে আওয়ামী লীগ লুটপাট করতো এখন অন্যরা লুটপাট করছে। এটা চলতে দেওয়া যায় না। যারা একাত্তর সালে লড়াই করেছে, চব্বিশের গণঅভ্যুত্থানে লড়াই করে শহীদ হয়েছেন তাদের প্রত্যাশা পূরণে দেশে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। না হলে শহীদের রক্তের সঙ্গে প্রতারণা করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর