স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে জুলাই-আগস্ট মাসে শহীদদের স্মরণে এক ব্যতিক্রমধর্মী আয়োজন হিসেবে অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ। গতকাল এই প্রীতি ম্যাচে মুখোমুখি হয় হায়দ্রাবাদ নারী স্পোর্টিং ক্লাব ও জয়পুরহাট পরান বাজার নারী ফুটবল একাডেমি। জমজমাট খেলায় শেষ পর্যন্ত জয় লাভ করে হায়দ্রাবাদ নারী স্পোর্টিং ক্লাব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার, ম্যাচ ও অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ ফারুক হোসেন খান, আহ্বায়ক, জুলাই-আগস্ট প্রমিলা ফুটবল আয়োজন কমিটি।
সঞ্চালকের দায়িত্বে ছিলেন মোঃ আব্দুল্লাহ আল হাতেম, টঙ্গী পূর্ব মেট্রো থানা বিএনপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট নেতৃবৃন্দ হুমায়ুন কবির রাজু, মোহাম্মদ আমিনুল ইসলাম এবং মোহাম্মদ হারুন অর রশিদ খান।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও উপস্থিত নেতৃবৃন্দ। বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, নারী খেলোয়াড়দের এমন অংশগ্রহণ প্রমাণ করে দেশের নারীরা আজ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন প্রীতি খেলার আয়োজন অব্যাহত থাকবে, যা একদিকে যেমন ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করবে, অন্যদিকে তেমনি জাতির ইতিহাসকেও প্রজন্মের মাঝে পৌঁছে দেবে।