মো: আক্তার হোসেন ঢালি :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ জুলাই) রাতে টঙ্গীর দক্ষিণ আউচপাড়া বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস রোডের ই.এস ট্রেডার্স নামক তুলার গুদামে এই আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গুদাম কর্তৃপক্ষের।
এলাকাবাসী জানান, ফরিদুল ইসলাম নামে এক ব্যক্তি দীর্ঘদিন যাবত ই.এস ট্রেডার্স নামে তুলার গুদামটি পরিচালনা করে আসছেন। শুক্রবার রাত সোয়া ২টার দিতে হঠাৎ করে গুদামে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মো. শাহীন আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শটসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।