স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে মকশ বিলে বেড়ানোর সময় নৌকাডুবিতে নিখোঁজ তিন বন্ধুর মধ্যে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার কারুল সুরিচালা এলাকার বাবুল মিয়ার ছেলে শিমুলকে (১৯) উদ্ধার করে ডুবুরি দল। এ ছাড়া সকালে ডুবুরিদল সাভারের শিমুলিয়া ইউনিয়নের হালিম মিয়ার ছেলে রফিকুল ইসলামের (১৮) লাশ উদ্ধার করে। এখনো নিখোঁজ রয়েছেন কালিয়াকৈর উপজেলার কারুল সুরিচালা এলাকার শফিক মিয়ার ছেলে মেহেদী হাসান (১৮)। নিখোঁজ এবং উদ্ধার হওয়া পাঁচজনই চলতি বছর এসএসসি পাস করেছে।
জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে পাঁচ বন্ধু মিলে ঘুরতে গিয়ে একটি নৌকায় করে মকস বিলে বেড়াতে যায়। এ সময় হঠাৎ তীব্র বাতাসে তাদের নৌকাটি ডুবে যায়। এতে সাকিব এবং আরাফাত সাঁতরে পাড়ে উঠতে পারলেও অপর তিনজন মেহেদী হাসান, রফিকুল ইসলাম এবং শিমুল হোসেন পানিতে ডুবে নিখোঁজ হয়।
খবর পেয়ে ওই দিনই বিকেলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। কিন্তু রাত হওয়ায় এবং বৃষ্টির কারণে অভিযান বন্ধ রাখে। পরের দিন সকালে নিখোঁজদের উদ্ধারে ফের অভিযান শুরু করে। পরে সকাল ৮টার দিকে রফিকুল ইসলামের এবং বিকেলে শিমুল হোসেনের লাশ উদ্ধার করা হয়। অপর জন মেহেদী হাসানকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। অপর নিখোঁজ মেহেদী হাসানকে উদ্ধারে আমাদের ডুবুরি দল কাজ চালিয়ে যাচ্ছে।