প্রতিবেদক: মোঃ আক্তার হোসেন ঢালী: আজ (তারিখ: ২১.০৭.২০২৫ইং) দুপুরে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে ঘটে গেল এক হৃদয়বিদারক ও ভয়াবহ দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, স্কুল ছুটির ঠিক মুহূর্তে একটি বিমান ভবনের উপর আছড়ে পড়ে এবং মুহূর্তেই দাউদাউ করে আগুন ধরে যায়।
উল্লেখ্য, যে ভবনটিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটিতে মূলত প্লে-গ্রুপ থেকে শুরু করে শিশুদের পাঠদান চলত। ভাগ্যক্রমে ক্লাস শেষ হয়ে গিয়েছিল, তবে ভবনের আশপাশে তখনো অনেক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক অবস্থান করছিলেন।
একজন প্রত্যক্ষদর্শী শিক্ষিকা জানিয়েছেন,
“আমরা ঠিক স্কুল ছুটি দিয়ে বাচ্চাদের গেট পর্যন্ত এগিয়ে দিচ্ছিলাম। হঠাৎ প্রচণ্ড শব্দে একটি বিমান ছাদ ভেদ করে ভবনের উপর আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে চারদিকে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কে সবাই ছুটোছুটি শুরু করে।”
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এখন পর্যন্ত হতাহতের সংখ্যা নিশ্চিতভাবে জানা যায়নি, তবে স্থানীয়রা বলছেন বহু মানুষ হতাহত হওয়ার শঙ্কা রয়েছে।
এই মর্মান্তিক ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে ভবনের উপর বিধ্বস্ত বিমানে দাউদাউ করে আগুন জ্বলছে।
সার্বিক পরিস্থিতি গভীর উদ্বেগজনক। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে।