আক্তার ডালি:: গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে ২২ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে। শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণকুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ শাকিল মিয়া (২২)। সে ওই এলাকার দুলাল কবিরাজের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে পূবাইল থানার একটি বিশেষ টহল দল রাতের আঁধারে নারায়ণকুল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন অবস্থায় শাকিল মিয়াকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “গ্রেফতারকৃত শাকিল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।” এদিকে এলাকাবাসীর দাবি, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে যুবসমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পায়।