মোঃ আক্তার ডালি:: গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকার সফিউদ্দীন রোডের মাথায় অবস্থিত পুলিশ বক্সে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পুলিশ বক্সে ঢুকে পড়ে। এতে বক্সের ভেতরে দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি অতিরিক্ত গতিতে চলছিল। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তাঘাট ভেঙে পুলিশ বক্সের ওপর উঠে যায়। বিকট শব্দে এলাকাবাসী জেগে ওঠে এবং দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে।
আহত পুলিশ সদস্যদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে টঙ্গী মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় এবং ট্রাকটি জব্দ করে।
এ বিষয়ে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনার তদন্ত চলছে। চালককে শনাক্তের চেষ্টা করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।” এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা সড়কে নিয়মিত নজরদারি ও স্পিড ব্রেকারের দাবী জানান।