বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লোডশেডিং এর প্রতিবাদে বৃহস্পতিবার গাজীপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি ও সিনিয়র জেনারেল ম্যানেজার যুবরাজ চন্দ্র পালের কাছে স্মারকলিপি প্রদান করেছেন গাজীপুর জেলা বিএনপি।
গাজীপুর জেলা বিএনপি’র সভাপতি এ কে এম ফজলুল হক মিলনের নেতৃত্বে গাজীপুর জেলা বিএনপি’র অবস্থান কর্মসূচি ও স্মারক লিপি প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা ডা. শফিকুল ইলাম, ভিপি হেলাল উদ্দিন, খন্দকার আজিজুর রহমান পেরা, আবু তাহের মুসল্লী, বিএনপি নেতা ব্যারিষ্ট্রার ড. ইশরাক আহম্মেদ সিদ্দিকী, আক্তারুল আলম মাষ্টার, স্বেচ্ছাসেবক দল নেতা হাসিবুর রহমান মুন্না, যুবদল নেতা আতাউর রহমান মোল্লা, ছাত্র নেতা ইমরান হোসেন শিশির প্রমুখ।
নাম প্রকাশে অনিচ্ছুক গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মকর্তা জানান, গাজীপুরে বৃহস্পতিবার ৪৪২ মেগাওয়াট চাহিদার বিপরীতে প্রায় সিংহভাগই সরবরাহ পাওয়া গেছে। তাই এদিন মাত্র ২/৩ ঘন্টা লোড শেডিং দিতে হয়েছে। তিনি আরো বলেন, বৃহস্পতিবার সকাল ১টার দিকে লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপি’র জেলা নেতৃবৃন্দ স্মারক লিপি দিতে আসে। পরে বিএনপির জেলা কমিটির সভাপতি ফজলুল হক মিলনের নেতৃত্বে ৮ সদসের একটি টিম জিএম স্যারের কাছে স্মারক লিপি দেন। এর বেশি তিনি জানাতে চাননি।