বিনোদন প্রতিবেদক :: বর্ণাঢ্য অভিনয় ক্যারিয়ার নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন চলচ্চিত্রের মমতাময়ী ‘মা’খ্যাত কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম। সোমবার (১৪ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে আবেগাপ্লুত হয়ে পড়েন এই বরেণ্য শিল্পী।
আনোয়ারা বেগম বলেন, “বাচসাস আমার অনেক আপন। অনেক আগে থেকেই বাচসাসের সঙ্গে পরিচয়। বাচসাসকে আমি ভালোবাসি, সম্মান ও শ্রদ্ধা করি। এই আয়োজনে হাজির হয়ে আমার যে চোখের পানি ঝরেছে তা গ্লিসারিন নয়, শ্রদ্ধা আর সম্মানের পানি। বাচসাস আমাকে যে সম্মান দিয়েছে তা কখনো ভুলব না। এই সম্মান আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে।”
সোমবার বিকেলে মগবাজারস্থ বাচসাস কার্যালয়ে অনুষ্ঠিত হয় নিয়মিত ‘মিট দ্য প্রেস’-এর প্রথম পর্ব। সংগঠনের সভাপতি কামরুল হাসান দর্পণের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাহাত সাইফুল।
বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ বলেন, “বাচসাস এই প্রথম ‘মিট দ্য প্রেস’-এর আয়োজন করেছে। আনোয়ারার মতো কিংবদন্তি অভিনেত্রীকে দিয়ে ধারাবাহিক এই আয়োজনের পথচলা শুরু করতে পেরে বাচসাস আনন্দিত। এখন থেকে নিয়মিত চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতের তারকাশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে ‘মিট দ্য প্রেস’-এর আয়োজন করা হবে। এই আয়োজনে সহযোগিতা করছে ওটিটি প্ল্যাটফর্ম দোয়েল। বাচসাস তার প্রতি কৃতজ্ঞ।”
বাচসাস সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, “বাচসাস কার্যালয়ে এই প্রথমবার ‘মিট দ্য প্রেস’-এর আয়োজন করা হয়। কার্যনির্বাহী পরিষদের সদস্যদের আন্তরিক সহযোগিতা, সাংবাদিক সহকর্মী ও বাচসাস পরিবারের সদস্যদের প্রাণবন্ত উপস্থিতি আমাদের এই আয়োজনকে আরো সমৃদ্ধ করেছে—আমরা সবার প্রতি কৃতজ্ঞ। এসময় আরো উপস্থিত ছিলেন আনোয়ারার কন্যা জনপ্রিয় চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। উপস্থিত ছিলেন বাচসাস-এর সহ-সভাপতি লিটন রহমান, সালাম মাহমুদ, অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য হাফিজ রহমান, পান্থ আফজাল, নিয়াজ মোর্শেদ শুভ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।