স্টাফ রিপোর্টার, গাজীপুর:: বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থতির অবনতির প্রতিবাদে শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও শ্রীপুর ইউনিয়ন শাখা বিএনপির সদস্য সচিব পদপ্রার্থী অ্যাডভোকেট দবির আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। এ সময় শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, দেশে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যখন সৃষ্টি হচ্ছে, ঠিক তখনই জামায়াত-শিবির ও ইসলামী আন্দোলনের মতো কিছু দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। তারা বিএনপির গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে ধারাবাহিক চক্রান্ত করছে। আমরা এসব ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ষড়যন্ত্রের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনকে থামিয়ে রাখা যাবে না। জনগণ এই অপকৌশল কখনো মেনে নেবে না। ব্যালট বিপ্লবের মাধ্যমেই বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।