মো: জাফর আলী:: ফ্লাইওভার থেকে নামার সময় টঙ্গীতে ছিনতাইকারীর আক্রমণে নিহত কলেজছাত্র মাহফুজুর রহমান হত্যার বিচারের দাবিতে পৃথক পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১১ জুলাই) টঙ্গীর কলেজ গেট ও টঙ্গী পূর্ব থানা কম্পাউন্ডে দুপুর ১২টায় এই দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক আন্দোলন গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব, পশ্চিম ও বাসন থানার উদ্যোগে টঙ্গী কলেজ গেটের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত মাহফুজুর রহমান হত্যার বিচার এবং সড়কের নিরাপত্তা নিশ্চিতে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন- টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির আহম্মেদ, টঙ্গী পশ্চিম থানার জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. আব্দুল লতিফ, টঙ্গী পশ্চিম থানা ছাত্র শিবিরের প্রচার সম্পাদক হাবিবুর রহমান সুজন প্রমুখ।
এদিকে একই সময় টঙ্গী পূর্ব থানা কম্পাউন্ডের ভেতরে টঙ্গী যুব সমাজের উদ্যোগ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে শুয়াইব আহমেদ, নাঈম ইসলাম, রাকিবুল ইসলাম বাপ্পিসহ ২৫-৩০ জনের একটি মিছিল টঙ্গী পূর্ব থানা কম্পাউন্ডে সমবেত হয় এবং থানার ভেতরে স্লোগান দিতে থাকে। তারা টঙ্গী পূর্ব এবং পশ্চিম থানায় ছিনতাইকারী নির্মূলে পুলিশের তৎপরতা বৃদ্ধিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য থানার ভেতরে এসেছেন বলে জানান। তাদের দাবি, ছিনতাইকারী এবং তাদের আশ্রয়দাতা গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।