নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহের গফরগাঁওয়েব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ৭টার দিকে টাঙ্গাব ইউনিয়নের বাশিয়া বাজারের পাশে ব্রহ্মপুত্রের পানিতে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পাগলা থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
উদ্ধারকৃতরা হলো- পাকুন্দিয়া উপজেলার চরআলগী গ্রামের মতাজ উদ্দিনের ছেলে জুবায়ের (৮) ও হাবিব মিয়া ছেলে আরিফ (৮)। তারা দুজনেই গফরগাঁওয়ে বিরই নদীর এবতেদায়ী মাদ্রাসায় পড়তো।
বিষয়টি নিশ্চিত করে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, ‘উদ্ধারকৃত দুই শিশুর মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’ এর আগে মঙ্গলবার সকাল নয়টার দিকে পাকুন্দিয়া উপজেলার চরআলগী থেকে ৯ যাত্রী নিয়ে নদী পার হওয়ার সময় বাশিয়া পুডিরঘাট এলাকায় নৌকাটি ডুবে যায়। ৬ জন সাঁতার কেটে তীরে উঠে আসলেও শাপলা আক্তার (১৪) নামে নবম শ্রেণীর এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়। আর আরিফ ও জোবায়ের নিখোঁজ হয়।