July 9, 2026, 1:44 pm

নির্বাচনের কথা বললেই আপনারা গোসসা করেন: সরকারকে মোয়াজ্জেম হোসেন আলাল

Reporter Name
  • আপডেট Friday, June 20, 2025
  • 128 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, “নির্বাচনের কথা বললেই আপনারা (সরকার) গোসসা করেন। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদের দোসরদের পরিষ্কার না করলে বঙ্গভবন থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সব জায়গায় তাদের তালিকা প্রকাশ করব। সেই তালিকা সাংবাদিকদের দেব, দেয়ালে দেয়ালে টানিয়ে দেব সারা বাংলাদেশে।” আজ শুক্রবার (২০ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে এসব কথা বলেন তিনি।
আলাল বলেন, “কারা ফ্যাসিবাদের দোসর, কারা এখনো ঘাপটি মেরে দুর্নীতি করছেন, মানুষের অধিকার বঞ্চিত করছেন, তাদের আমরা শনাক্ত করেছি। যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, তাহলে জুলাই-আগস্টের বিপ্লবের সঙ্গেই আমরা সেই তালিকা প্রকাশ করব।”
তিনি আরও বলেন, “আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সরকারের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনো ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছে। গুম-খুন হওয়া পরিবারগুলোকে আইনের দ্বারস্থ হতেও বাধা দিচ্ছে তারা।” স্বাস্থ্য খাতের দুরবস্থার কথা তুলে ধরে আলাল বলেন, “ডেঙ্গু, করোনা, চিকুনগুনিয়া ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। কোথায় স্বাস্থ্য উপদেষ্টা? বাজারে গেলে মানুষ পকেটে হাত দিতে পারে না, মনে হয় পকেট ছিদ্র হয়ে গেছে।”
তিনি আরও বলেন, “তারেক রহমান আমাদের বলেছেন—জনগণের সঙ্গে থাকো। তাই জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই আমরা নির্বাচন চাই। নির্বাচন বললেই সরকার রাগ করেন, এটা ঠিক না। জনগণ যখন খুশি তখন তাদের প্রতিনিধি দেখতে চাইতে পারে। সেখানে স্বৈরাচারের দোসররা দেয়াল তৈরি করে রেখেছে।” তিনি দাবি করেন, “একটি নতুন প্রজন্ম—২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে নিজেদের অধিকার দেখাতে পারেনি। তারা এবার নিরপেক্ষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে।”
আয়োজক সংগঠনের সহ-সভাপতি এম এ আজাদ চয়ন সভাপতিত্ব করেন। যুব সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, যুবদল নেতা জাহাঙ্গীর, জাহিদ হোসেন এবং সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী বক্তব্য দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর