স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরের মাওনা-সাতখামাইর-বরমী আঞ্চলিক সড়কে ডাকাতির সময় সিএনজি চালিত অটোরিকশা চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। এঘটনায় চার ডাকাত সদস্য আটক হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ওই সড়কের সাতখামাইর বাজার মাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- মো. আরিফ হোসেন (২২)। তিনি কুমিল্লা জেলার হাবিবুর রহমানের ছেলে। আরিফ হোসেন ডাকাত দলের সদস্য ছিলেন। অপরজন সিএনজি চালক আবুল কালাম (৪০)। তিনি শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। ঘটনার সময় তিনি ওই সড়ক হয়ে মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পুলিশ তাৎক্ষণিকভাবে আটক চার ডাকাতের নাম পরিচয় জানাতে পারেনি।
প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম জানান, তিনি শ্রীপুরের এমসি বাজার থেকে একটি পিকাআপ নিয়ে বরমী যাচ্ছিলেন। পথে সাতখামাইর বাজারের কাছেই মাজার এলাকায় পৌঁছালে ৬-৭ জনের ডাকাত দল তাদের গাড়ির গতিরোধ করে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা পয়সা নিয়ে যায় ডাকাত দল। একই সময় ওই সড়কে অন্যান্য গাড়ি থেকেও ডাকাতি করছিল ডাকাত দলের সদস্যরা। এক পর্যায়ে ভুক্তভোগীরা মিলে চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে এসে প্রতিরোধ করতে শুরু করে। খবর পেয়ে পুলিশের টহল টিমের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহযোগিতায় ডাকাত দলের ৪ সদস্যকে আটক করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল বারিক বলেন, ডাকাতির ঘটনায় একজন ডাকাত সদস্যসহ দুইজন নিহত ও চারজন আহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।