নিজস্ব প্রতিবেদক :: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ জাদু (৪৪) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। আজ শুক্রবার (২০ জুন) ভোরে কেশবপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত দেলবার মণ্ডলের ছেলে।
জানা যায়, অভিযানে জাদুর বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, পাঁচটি দেশীয় ধারালো অস্ত্র, একটি মোবাইল ফোন ও বিপুল পরিমাণ নগদ টাকা। সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আটককৃত জাদু সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্র ব্যবসা, সন্ত্রাসি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নজরদারিতে ছিলেন। গেয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র রাখার বিষয়টি স্বীকার করেছেন। আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান বলেন, ‘সেনাবাহিনী অভিযানে একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।