স্টাফ রিপোর্টার, টঙ্গী:: টঙ্গীতে মোস্তফা সরদার (৬৩) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করে ছিনতাইকারীরা। এতে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকারে লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। এঘটনায় মাথায়, হাতে ও পায়ে ধারালো অস্রের আঘাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি।
গত রবিবার ভোরে ফজরের নামাজ আদায় করে হাটতে বের হলে এই ঘটনা ঘটে। গাজীপুর সিটি কর্পোরেশন ৪৯নং ওয়ার্ড এরশাদ নগরের ৩নং ব্লকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পার্শ্ববর্তী রোডের বাসিন্দা মোস্তফা সরদার। তিনি ছিনতাইকারীদের চিনে ফেলায় এবং তাদের বাধা দেয়ায় এই সশস্ত্র হামলার শিকার হন।
এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে এলাকাবাসী মানববন্ধন করেন। ঘটনায় জড়িত অভিযোগে বাবু (কুত্তা বাবু), রাজু, শাকিল, রায়হান, রহিম ও হৃদয় নামের ছবি সম্বলিত পোস্টার নিয়ে তাদেরকে দ্রুত গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
এলাকাবাসীর সাথে মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাবেক বৃহত্তর টঙ্গী থানা যুবদলের ১নং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম কামু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন, জিসাস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ বাবুল চৌধুরী, ৪৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও প্রবীণ শিক্ষক মজিবর রহমান মাস্টারসহ মোস্তফা সরদার ও তার পরিবারের সদস্যগণ।