July 9, 2026, 1:50 pm

কালিয়াকৈর বিএনপির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

Reporter Name
  • আপডেট Sunday, June 15, 2025
  • 148 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে আজ রবিবার (১৫ জুন) বেলা ১১টার দিকে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৪০ জন।
জানা যায়, গত শনিবার (১৪ জুন) কালিয়াকৈর উপজেলা বিএনপির কমিটিতে নুরুল ইসলাম সিকদারকে আহ্বায়ক ও এম আনোয়ার হোসেনকে সদস্য সচিব এবং মাহমুদ সরকারকে আহ্বায়ক ও মহসিন উজ্জামানকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পদ বঞ্চিতরা এই কমিটি বাতিলের প্রতিবাদে আজ রবিবার কালিয়াকৈর বাজারে বিক্ষোভ মিছিল বের করেন। অপরদিকে নব গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কমিটির লোকজন কালিয়াকৈর বাজারে আনন্দ মিছিল বের করেন। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আজ সকালে পদ বঞ্চিত বিএনপির নেতাকর্মীরা লাঠি সোটা নিয়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অবস্থান করেন। দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা বক্তব্য শেষে কালিয়াকৈর বিভিন্ন সড়কে মিছিল নিয়ে প্রদক্ষিণ করেন।
অপরদিকে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে বিরাট মিছিল কালিয়াকৈরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একপর্যায়ে পারভেজ আহমেদ গ্রুপের নেতাকর্মীরা মিছিল নিয়ে কালিয়াকৈর বাইপাস এলাকায় পৌঁছলে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই পক্ষের মধ্যে ইট পাটকেল, ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে। পরে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ নেতাকর্মীদের বুঝিয়ে শান্ত করে।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এম আনোয়ার হোসেন বলেন, ‘উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠনে আমাদের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন। এতে অপরপক্ষের নেতাকর্মীরা আনন্দ মিছিলে হামলা করেন। এতে ২০/২৫ জন নেতাকর্মীরা আহত হন।’ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ বলেন, ‘উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির গঠন করা হয়েছে।
ওই কমিটিতে ত্যাগী নেতাদের বাদ দেওয়া হয়েছে। এজন্য এই কমিটিকে বাতিলের দাবিতে আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল বের করেন। সেই মিছিলে চৌধুরী ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকির নেতাকর্মীরা হামলা করলে আমাদের ১০/১৫ জন নেতাকর্মী আহত হন। আমরা এই কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠনের দাবি জানাই।’ কালিয়াকৈর থানার অপারেশন (ওসি) যোবায়ের বলেন, ‘বিএনপির দুইপক্ষের নেতাকর্মীরা মিছিল বের করেন। পুলিশ এসে দুই পক্ষকে শান্ত করে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর