এস এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানীর উত্তরায় র্যাবের পোশাক পরে কয়েকজন দুর্বৃত্ত নগদের এজেন্টের কাছ থেকে প্রায় কোটি টাকা ছিনতাই করেছে বলে জানা গেছে। গতকাল শনিবার সকাল ৮টায় এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম জানান, নগদের এজেন্ট আবদুল খালেক উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাসায় বসবাস করেন। ওই বাসা থেকে ১ কোটি ৮ লাখ টাকা খালেক ও দুই সঙ্গী মোটরসাইকেলে করে নগদের কার্যালয়ে নিয়ে যাচ্ছিলো। তাঁরা যখন ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে আসামাত্র একটি কালো রঙের মাইক্রোবাস তাঁদের গতিরোধ করে।
তিনি জানান, ক্লোজড সার্কিট টেলিভিশন ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় র্যাবের পোশাক পরা ২/৩জন ব্যক্তি কালো রঙের মাইক্রো থেকে নেমে নগদ এজেন্টের টাকা বহনকারী তিন ব্যক্তিকে ধাওয়া করে আটক করেন। পরে তাঁদের গাড়িতে তুলে নিয়ে চলে যান। তাঁদের ১৭ নম্বর সেক্টরে নিয়ে গাড়ি থেকে নামিয়ে টাকা নিয়ে চলে যান।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, র্যাবের পোশাক পরা ওই ব্যক্তিদের সনাক্তের চেষ্টা চলছে। যাঁরা ছিনতাইয়ের সঙ্গে যুক্ত তাঁদের প্রত্যেককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।