আক্তার ডালি:: আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গাজীপুর মহানগরের টঙ্গী চেরাগ আলী ফ্লাইওভারের উপর দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি বাস ফ্লাইওভারের উপরে দ্রুতগতিতে উঠছিল। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহতদের মধ্যে অনেকেই বাসের ভেতরে আটকে পড়েন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। আহতদের দ্রুত টঙ্গীর বিভিন্ন স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেশ কয়েকজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য। ঘটনাস্থলে ব্যাপক জনসমাগম হয়, এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে। দুর্ঘটনার পর পরই যান চলাচলে বিঘ্ন ঘটে, তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয় প্রশাসন এবং ট্রাফিক বিভাগ সম্ভাব্য গাফিলতির বিষয়টিও খতিয়ে দেখছে।