এস.এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের যাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীর উত্তরার আবদুল্লাহপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে র্যাব। অভিযানকালে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনটি বাস কাউন্টারকে জরিমানা করা হয়েছে। সোমবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর এলাকায় সকাল সন্ধ্যা পর্যন্ত এই অভিযান চলে। অভিযানের নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ। এতে সহযোগিতা করে র্যাব-১ ও ঢাকা জেলা প্রশাসন।
আবদুল্লাহপুরের শ্যামলী এন আর ট্রাভেলসের যাত্রী হেলেনা আক্তার বলেন, সেবা গ্রিন লাইনের লাস্ট স্টপেজ রংপুর পর্যন্ত। সেখানকার ভাড়া হচ্ছে ৮০০ টাকা। আমি যাব বগুড়া, ভাড়া ৬০০ টাকা। কিন্তু আমার কাছ থেকে ৮০০ টাকা নিয়েছে। একতা বাস কাউন্টারের যাত্রী মুনতাহা জাহান বলেন, আমি নাটোর যাব, ভাড়া ৭০০ টাকা। কিন্তু আমার কাছ থেকে ভাড়া নিয়েছে ১২০০ টাকা। এ বিষয়ে কাউন্টার মাস্টার জাহাঙ্গীর বলেন, অতিরিক্ত যে ভাড়া নেওয়া হয়েছিল, সেই অতিরিক্ত টাকা ফেরত দিয়ে দেওয়া হয়েছে।
এদিকে সেবা গ্রিন লাইন বাস কাউন্টারে গিয়ে দেখা যায়, কাউন্টার আবদুল্লাহপুর, বাস ডিপো কামারপাড়া এলাকায়। টিকিট আবদুল্লাহপুর থেকেই বিক্রি করছেন। কিন্তু তাঁরা যাত্রী ওঠাচ্ছেন গাজীপুর থেকে। সেই সঙ্গে নির্ধারিত ভাড়া ৬১৭ টাকা। কিন্তু আদায় করা হচ্ছে ৭৫০ টাকা করে।
এ বিষয়ে সেবা গ্রিন লাইন বাস কাউন্টার মাস্টার সিরাজুল বলেন, আমাদের আবদুল্লাহপুরের রোড পারমিট নেই। যার কারণে গাজীপুর থেকেই যাত্রীদের উঠতে হচ্ছে।
এ বিষয়ে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে আমাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। অভিযানকালে আমাদের কিছু যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাচ্ছি। যেসব কাউন্টারের বিরুদ্ধে আমরা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাচ্ছি, তাদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হচ্ছে।
অভিযানকালে র্যাব-১-এর সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম বলেন, পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। কারও কোনো অভিযোগ থাকলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা সংশ্লিষ্ট এলাকার র্যাবকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব। আমরা তিন পর্বে আমাদের নিরাপত্তা কার্যক্রম চালাব। পর্ব তিনটি হলো ঈদের আগে, ঈদের সময় ও ঈদের পর।