স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরের কাশিমপুরে ১৪০০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ। আজ শনিবার (৩১ মে) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে মহানগরীর কাশিমপুরের ১নং ওয়ার্ডের মাধবপুর এলাকার ওয়াপদা রোডের মাথা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার লক্ষীখোলা গ্রামের আব্দুল সালামের ছেলে সোহানুর রহমান সোহান ও তার স্ত্রী লিপা আক্তার।
পুলিশ জানায়, মাধবপুর এলাকার ওয়াপদা রোডের মাথায় পাকা রাস্তার ওপর অভিযান চালায় পুলিশ। এ সময় তাদের দেখে সন্দেহ হলে সোহান ও তার স্ত্রী লিপা আক্তারের ব্যাগ তল্লাশি করে পুলিশ। এতে ১৪০০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়।
এ বিষয়ে কাশিমপুর থানার ওসি মনিরুজ্জামান দুজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের অভিযান চলাকালে ১৪০০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডলসহ এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুর ১টায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।