স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর মহানগরীর টঙ্গীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে টঙ্গীর দক্ষিণ আউচপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ২৫ গ্রাম হিরোইন ও ২৫০ পিস ইয়াবাট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছে- শিরিন সরদার (৪২), লিমা (৩৫), পায়েল (২৩), ফারজানা (২০), সালমা (২৫), মাহিমা (২৫), করুণা (৪১), মায়া (১৮) ও সাকিব হাসান (১৯)।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদুল ইসলাম জানান, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে দক্ষিণ আরিচপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, দক্ষিণ আরিচপুর এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ীরা স্থানীয় পুলিশ প্রশাসনের চোখ ফাকি দিয়ে ব্যবসা করে আসছে। পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত হলে মাদক ক্রয়-বিক্রয় কিছুটা নিয়ন্ত্রণে আসবে এবং এলাকার যুবসমাজ রক্ষা পাবেন।