নিজস্ব প্রতিবেদক:: সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে একাধিক হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। বিশেষ করে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
গত বছরের ২৩ অক্টোবর মানিকগঞ্জের সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে মমতাজ বেগমসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০৯ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এই মামলায় অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয় । মমতাজ বেগম ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে পরাজিত হন । বর্তমানে মমতাজ বেগমকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (১৩ মে) তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে । এই গ্রেফতারের ঘটনাটি দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। মমতাজ বেগমের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর তদন্ত ও বিচারিক প্রক্রিয়া কীভাবে এগোয়, তা এখন সবার নজরে রয়েছে।