July 9, 2026, 11:10 am

টঙ্গীতে ভাঙারি মালামালের গোডাউনে আগুন

Reporter Name
  • আপডেট Saturday, May 3, 2025
  • 78 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীর সাতাইশ শরীফ মার্কেট এলাকায় একটি ভাঙারি মালামাল রাখার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। এ সময় আগুন পাশের একটি স্কুল ও বাজারের কিছু দোকানে ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের ৫১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: আমজাদ হোসেনের একটি ভাঙারি মালামাল রাখা গোডাউন রয়েছে। ওই গোডাউনে আগুন লাগে। কারখানার বিভিন্ন বর্জিত ভাঙারি ও অন্যান্য সামগ্রী গোডাউনে রাখা ছিল। কিন্তু গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। বর্তমানে গোডাউনটির দেখভাল করেন তার ভাই আলমগীর। আগুনে পাশের একটি স্কুলের জানালার কাচ ফেটে গেছে এবং বাজারের অন্তত তিনটি দোকানের টিন ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় দোকানদার মো. রাসেল বলেন, আগুন যখন লাগে, আমরা ভয়ে দৌড়ে বের হয়ে আসি। পাশের দোকানগুলোর কিছু মাল পুড়ে গেছে। যদি ফায়ার সার্ভিস একটু দেরি করত, বড় ক্ষতি হয়ে যেত। একই এলাকার বাসিন্দা হোসনে আরা বেগম বলেন, সকাল বেলা আগুনের ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে গিয়েছিল। শিশুদের নিয়ে আতঙ্কে ছিলাম। এখনও ভয় কাটেনি।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করি। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুন লাগার প্রকৃত কারণ তাৎক্ষণিক জানা যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারা করা হচ্ছে। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। গোডাউনসহ কয়েকটি স্থাপনার মালামাল আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর