July 9, 2026, 8:23 pm

জামায়াত নেতা আজহারুলের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি পেছাল

Reporter Name
  • আপডেট Tuesday, April 22, 2025
  • 59 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী ৬ মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে শুনানি শেষে পরবর্তী দিন ধার্য করা হয়। জামায়াত নেতা আজহারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, আইনজীবী শিশির মনির।
এদিন জামায়াত নেতা আজহারের আপিল শুনতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল আপিল বিভাগে এসেছিলেন। এছাড়া জামায়াতপন্থি সব আইনজীবীও আদালত কক্ষে উপস্থিত ছিলেন। এর আগেও আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি একাধিকবার পেছানো হয়। সবশেষ গত ২৬ ফেব্রুয়ারি আজহারুলের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শুনানি হয়। এরপর পূর্ণাঙ্গ আপিল শুনানির জন্য ২২ এপ্রিল দিন ধার্য করা হয়েছিল।
এদিকে জামায়াতের আইনজীবীদের দাবি, মানবতাবিরোধী অপরাধ একটি আন্তর্জাতিক মানদণ্ডের অপরাধ হলেও, সরকার আন্তর্জাতিক মান বজায় রাখতে ব্যর্থ হয়েছে।
তাঁরা অভিযোগ করেন, আজহারসহ অন্যান্য জামায়াত নেতাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়নি। ফলে তৎকালীন আওয়ামী লীগ সরকার ট্রাইব্যুনাল সংশোধন করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। আজহারুল ইসলামের বিরুদ্ধে দেয়া বিভিন্ন সাক্ষীর বক্তব্য পরস্পরবিরোধী বলেও দাবি করেন তাঁরা।
২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। পরবর্তীতে ২০১৯ সালের ২৩ অক্টোবর আপিল বিভাগও ওই রায় বহাল রাখেন। পরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন আজহারুল ইসলাম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর