স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের সাফারি পার্ক থেকে বিশ্বব্যাপী বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী তিনটি রিংটেইল লেমুর চুরির ঘটনায় একটি লেমুর উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি। গ্রেফতার ব্যক্তির নাম মো. দেলোয়ার হোসেন তওসীফ (২২)। শুক্রবার জামালপুর জেলার সদর থানাধীন দড়িহামিপুর আকন্দ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১১টার দিকে ঢাকার শ্যামবাজারে অভিযান পরিচালনা করে চুরি হওয়া একটি পুরুষ রিংটেইল লেমুর উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ রাত আনুমানিক ১১টা থেকে ২৪ মার্চ ভোর আনুমানিক সাড়ে ৫টার মধ্যে গাজীপুর সাফারি পার্কের লামচিতা ঘর-০১ নামক বেষ্টনীর জাল কেটে বিশ্বব্যাপী বিপন্ন প্রজাতির দুটি পুরুষ রিংটেইল লেমুর ও একটি স্ত্রী রিংটেইল লেমুর চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সাফারি পার্ক কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে গাজীপুরের শ্রীপুর থানায় একটি মামলা রুজু হয়।
ডিবি সূত্রে আরও জানা যায়, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি) বিপন্ন প্রজাতির লেমুর চুরির বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত আরম্ভ করে। অতঃপর সরকারি অন্যান্য দপ্তরের তথ্য-উপাত্তের সহযোগিতায় শুক্রবার জামালপুর জেলার সদর থানাধীন দড়িহামিপুর আকন্দ বাড়িতে অভিযান পরিচালনা করে লেমুর চুরির ঘটনার সাথে জড়িত মো. দেলোয়ার হোসেন তওসীফকে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃত দেলোয়ারকে জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ঢাকার সদরঘাটের শ্যামবাজার মসজিদ সংলগ্ন একটি নির্জনস্থান থেকে খাঁচাবন্দি অবস্থায় রাত আনুমানিক ১১টার দিকে পুরুষ রিংটেইল লেমুরটি উদ্ধার করা হয়। ঘটনার বিষয়ে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটকে অবগত করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। বাকি দুটি লেমুর উদ্ধার ও অন্যান্য আসামিদের গ্রেফতারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।