স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় আব্দুল্লাহ (৪) ও মালিহা (৬) নামের দুই শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে আরিচপুর জৈনক সারোয়ার মিয়ার আটতলা বাড়ির তৃতীয় তলায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় কাউকে এখনও আটক করতে পারেনি পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার আব্দুল বাতেন মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু দুইটি সহোদর ভাই-বোন। গতকাল শুক্রবার দুপুরে বাড়িতে থাকা শিশুদের বাবা, মা ও দাদীরা একসঙ্গে দুপুরের খাবার খান। এরপর মা সালেহা বেগম ফ্ল্যাটের একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। দাদী উপর তলার ফ্ল্যাটে যান এবং বাবা শিশুদের ঘরে রেখে বাইরে বের হয়ে যান। এরক্ষণ পর মা ঘরের দরজা খোলা এবং শিশুদের রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার ডাকচিৎকারে দাদীসহ আশপাশের লোকজন পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু দুইটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, বিকেলে ৪টার দিকে টঙ্গী পূর্ব আরিচপুর এলাকায় দুইটি শিশুকে জবাই করে হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করা হয়। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে কেউ বলতে পারছে না। ধারণা করা হচ্ছে দাড়ালো অস্ত্র দিয়ে তাদেরকে জবাই করা হয়েছে। অপরাধীদের সনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।