মো: জাফর আলী :: টঙ্গী সরকারি কলেজে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়। সোমবার (১৪ এপ্রিল) সকালে এ দিনটি উপলক্ষ্যে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী আলোচনা সভা, বৈশাখী মেলা, স্বরচিত কবিতা পাঠের আসর, সংগীত ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। নববর্ষ উপলক্ষ্যে কলেজ মাঠ চমৎকারভাবে পরিষ্কার ও সাজানো হয়। কলেজের প্রবেশ পথে ব্যানারে ‘বাংলা নববর্ষ” খুব বড় করে লেখা হয়, যা অনেক দূর থেকে দেখা যায়।
প্রধান অতিথি হিসেবে বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানটি শুভ উদ্বোধন ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফারজানা পারভীন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. আবুল কালাম আজাদ, কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্ধ।
প্রধান অতিথি প্রফেসর রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘বাংলা নববর্ষ একটি সর্বজনীন এবং জাতীয় উৎসব। আমাদের জাতিসত্তার সাথে এ উৎসব নিবিড়ভাবে জড়িয়ে আছে। জাতি হিসেবে আমাদের স্বকীয়তার অন্যতম স্মারক বাংলা নববর্ষ। নববর্ষ আমাদের জীবনকে নতুনভাবে উদ্দীপ্ত করে, আমরা পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাই। অতীতের ব্যর্থতা, গ্লানি ভুলে গিয়ে নতুনের আহ্বানে জেগে উঠি, স্বপ্ন দেখি নতুন দিনের।