July 9, 2026, 1:32 pm

কালিয়াকৈরে পোশাক কারখানার ২৫ লাখ টাকার মালামাল লুট

Reporter Name
  • আপডেট Friday, April 11, 2025
  • 131 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি পোশাক কারখানার মূল্যবান মালামাল লুট করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১১ এপ্রিল) ভোর রাতে উপজেলার কালামপুরের ‘ডিসক্রিট ফ্যাশন ওয়্যার লিমিটেড’ পোশাক কারখানায়।
কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, মালিকানা জটিলতার কারণে কারখানাটি প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে। শুক্রবার রাতে ২০ থেকে ২৫ জন সংঘবদ্ধ ডাকাত কারখানার নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর গ্রিল কেটে প্রবেশ করে কারখানা ১২টি সেলাই মেশিন, দুটি ল্যাপটপ, সিসিটিভি মনিটর, বিদেশি বায়ারদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র ও গুরুত্বপূর্ণ দালিলিক কাগজপত্র, বৈদ্যুতিক তারসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়।
এ সময় নিরাপত্তা কর্মীদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে ডাকাতরা দ্রুত মালামাল নিয়ে সটকে পড়ে। খবর পেয়ে শুক্রবার সকালে কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ, ওসি (তদন্ত) জাফর আলী এবং অপারেশন ওসি যোবায়েরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
কারখানার মালিক মোহাম্মদ ইউসুফ খান সাংবাদিকদের জানান, “আমাদের নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা আমাদের প্রায় ২৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি।”

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর