স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে গাজীপুরে বিশাল বিক্ষোভ মিছিল করেছে মহানগর জামায়াতে ইসলামী। সোমবার বাদ আসর গাজীপুর মহানগরীর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিছিলটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিববাড়ী এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশাল বিক্ষোভ মিছিলে অংশ নেন জামায়াতের স্থানীয় ও মহানগর পর্যায়ের নেতা-কর্মীসহ হাজারো জনতা। মিছিলে ইসরাইলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বিভিন্ন শ্লোগানে দেয়া হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহা. জামাল উদ্দীন। আরো অংশ নিয়েছেন, মহানগর নায়েবে আমীর মুহাম্মদ খায়রুল হাসান, মুহাম্মদ হোসেন আলী, সেক্রেটারি আবু সাইদ মোহাম্মদ ফারুক, সহকারী সেক্রেটারি মুহা. আজহারুল ইসলাম মোল্লা, মাওলানা সাখাওয়াত হোসেন, ছাত্র শিবিরের সাবেক সভাপতি সালাহ উদ্দিন আইয়ুবী, নজরুল ইসলাম, আবুসিনা মামুন, এখলাছ উদ্দিন, নেয়ামত উল্লাহ সাকেরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ডে বহন করেছেন। তাতে লিখা ছিল, ‘ফিলিস্তিনের শিশুদের রক্ষা করো’, ‘ইসরায়েলের দখলদারিত্ব বন্ধ করো, মানবতা জাগো’। তারা ইসরায়েলের নৃশংসতা ও পশ্চিমা বিশ্বের দ্বিচারিতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের নায়েবী আমির খায়রুল হাসান, মো: হোসেন আলী, মহানগর সেক্রেটারী আবু সাঈদ মোঃ ফারুক, ছাত্র-শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি সালাউদ্দিন আইউবী, নুরুল আমিন, আজাহারুল ইসলাম, সাখাওয়াত হোসেন, অ্যাড. ছাদেকুজ্জামান খান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গাজায় যা ঘটছে তা শুধু একটি ভূখণ্ডের উপর আগ্রাসন নয়, এটি একটি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার চক্রান্ত। শিশুদের হত্যা করে, হাসপাতাল ধ্বংস করে, সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করে ইসরায়েল সভ্যতার মুখে থাপ্পড় মারছে। আর তথাকথিত মানবাধিকারের রক্ষকরা চুপ করে বসে আছে—এই নীরবতা আসলে সম্মতি।
তারা আরও বলেন, পশ্চিমা দুনিয়া যাদের ভাষণে মানবতার বুলি শোনা যায়, তারাই আজ এই গণহত্যার অস্ত্র সরবরাহকারী। এ কোন সভ্যতা—যেখানে হত্যাকারীর হাতে পুরস্কার, আর রক্তাক্ত শিশুর মুখে নেই কোনো প্রতিকার?
নেতৃবৃন্দ মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আজ যদি আমরা নির্লিপ্ত থাকি, কাল ইতিহাস আমাদের ক্ষমা করবে না। এই মুহূর্তে ফিলিস্তিন শুধু এক ভূখণ্ডের নাম নয়—এটি আমাদের বিবেকের পরীক্ষার নাম, আমাদের ঈমানের সীমানা।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়। শান্তিপূর্ণভাবেই এ কর্মসূচি শেষ হয়, তবে মনের ক্ষোভ যেন আরও জ্বলে উঠল আগুন হয়ে।
অপরদিকে, একই দিনে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাদ জোহর বিক্ষোভ মিছিল করে। তারা যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান। এছাড়া গাজীপুরের রাজবাড়ি সড়কে সাধারণ ছাত্রজনতার ব্যানারে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন, যারা সকলে এক কণ্ঠে বলেছে, আমরা নির্যাতিতের পাশে, আমরা ফিলিস্তিনের পক্ষে।