স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন হবে, এটা বিরাট প্রশ্ন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘গত ১৭ বছর আমরা আন্দোলন করেছি কি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন করার জন্য?
আমরা আন্দোলন করেছি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। সেই নির্বাচন কি আমাদের আদায় করতে হবে, নাকি যারা ক্ষমতায় আছেন তারা স্বেচ্ছায় সেই নির্বাচন করবেন? এখন আর নির্বাচনের কথা শুনি না, সকাল-বিকাল শুধু সংস্কারের কথা শুনি।’
মঙ্গলবার গাজীপুরের রাজবাড়ী মাঠে জেলা বিএনপির উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথ উওরণের জন্য নির্বাচনি রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একাত্তরে নাকি জনযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ হয়নি। যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, তারা রাষ্ট্রদ্রোহী।
গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলনের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। বিশেষ অতিথি ছিলেন হুমায়ুন কবির খান, নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, মজিবুর রহমান, শাহ্ রিয়াজুল হান্নান এবং চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।