স্টাফ রিপোর্টার :: টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহফুজকে (১৬) গুম, খুন ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মাহফুজের বাবা মোঃ নাজমুল আহসান টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২৫ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ২টার দিকে কলেজ থেকে বাসায় ফেরার পথে সাতাইশ ব্যাংকপাড়া মোহাম্মদিয়া তাকওয়া মসজিদ সংলগ্ন এলাকায় অভিযুক্ত মোঃ এরশাদসহ (৪৫) আরও ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তি ওই শিক্ষার্থীকে একা পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় তারা জামার কলার ধরে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এমনকি সুযোগ বুঝে হত্যার জন্য প্রয়োজনীয় অর্থ ব্যয়ের কথাও বলেন অভিযুক্তরা।
ভুক্তভোগীর পরিবার জানায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে তাদের সন্তানকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে আসছেন। এ ঘটনায় তারা চরম আতঙ্কে রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর রহমান বলেন,অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।