July 4, 2026, 10:36 am

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম ধাপের দ্বিতীয় পর্ব

Reporter Name
  • আপডেট Wednesday, February 5, 2025
  • 112 জন দেখেছে

আব্দুল কাদের, টঙ্গী :: মুসলিম উম্মাহর হেদায়েত,  ঐক্য, রহমত, মাগফিরাত, নাজাত, শান্তি এবং দেশ ও মানবতার কল্যাণ, মহান আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা, কামনায় শেষ হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ আখেরি মোনাজাত। তুরাগ তীরে  বুধবার দুপুর ১২টা ২৭ মিনিটে এ মোনাজাত শেষ হয়। ১২টা ৮ মিনিটে শুরু হওয়া ১৯ মিনিটব্যাপী মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা মুহাম্মদ জুবায়ের আহমেদ। ৫৮তম বিশ্ব ইজতেমা তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। আজ বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) দুই ধাপের ইজতেমা।
মোনাজাতের আগে হেদায়েতি বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। তাঁর হিন্দি বয়ানের তরজমা করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। বেলা সাড়ে ১১টার দিকে নসিহতমূলক বক্তব্য দেন ভারতের মাওলানা ইব্রাহিম দেউলা। তাঁর বয়ানের বাংলা তরজমা করেন মাওলানা জুবায়ের আহমেদ।
বাংলা, আরবি, হিন্দি ও উর্দু ভাষায় আখেরি মোনাজাতে গোটা দুনিয়ায় পথভ্রষ্ট মুসলমানের পাপের ক্ষমা, সঠিক পথের দিশা চেয়ে এবং তাবলিগের কাজে সবাইকে নিয়োজিত হওয়ার তৌফিক কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
মোনাজাতের সময় ‘আমিন’, ‘আমিন’, ‘আল্লাহুম্মা আমিন’ ধ্বনি তোলেন দেশ-বিদেশের লাখো মুসল্লি। এ সময় কেঁদে কেঁদে দয়াময় আল্লাহর সন্তুষ্টি লাভের আকুতি জানান ধনী-দরিদ্র, শ্রমিক-মালিক, বৃদ্ধ-যুবা নির্বিশেষে সর্বস্তরের মানুষ। আজ বুধবার দুপুরে জনসমুদ্রে হঠাৎ নেমে আসে পিনপতন নীরবতা। এরপর শুরু হয় মোনাজাত।
মোনাজাতে অংশ নিতে ভোর থেকে ঢাকা-গাজীপুরসহ আশপাশের জেলার লাখো মুসল্লি হেঁটে ইজতেমাস্থলে উপস্থিত হন। মোনাজাত শুরু হওয়ার আগেই ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ময়দানে জায়গা না পেয়ে মুসল্লিরা আশপাশের অলিগলি, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ফুটওভার ব্রিজ, বাসা-বাড়ি, কলকারখানা, মার্কেট ও যানবাহনের ছাদে এবং তুরাগ নদের নৌকায় অবস্থান নেন। আখেরি মোনাজাতের জন্য ইজতেমা ময়দানের আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ছুটি ঘোষণা করা হয়।
ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরব্বি মাহফুজ হান্নান বলেন, ‘আজ সকালে ময়দান ও আশপাশের এলাকায় ৪-৫ লাখ মুসল্লি জড়ো হন। নির্বিঘ্নে আমরা দুই ধাপে ইজতেমা শেষ করতে পেরেছি। ময়দানে কয়েক হাজার বিদেশি মুসল্লি অবস্থান করেছেন।’
আট দিন বিরতি দিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার এবারের আসর।
দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত শেষে মূল বয়ান মঞ্চ থেকে আগামী বছরের বিশ্ব ইজতেমা আয়োজনের তারিখ ঘোষণা করা হয়। শুরায়ি নেজামের তত্ত্বাবধানে ২০২৬ সালের ২ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি প্রথম ধাপ এবং ৯ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি দ্বিতীয় ধাপে ইজতেমা আয়োজন করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর