May 26, 2026, 5:07 pm

দেশে সুষ্ঠু নির্বাচন হলে আ.লীগ ভেসে যাবে: গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Sunday, May 28, 2023
  • 131 জন দেখেছে

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, বর্তমান সরকার আরেকটি তামাশার নির্বাচন করতে চায়। আর তা বুঝতে পেরেই যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। এই ভিসা নীতি সরকারের বুকে কাঁপন ধরিয়েছে। জনগণ ভোট দিতে পারলে কী পরিস্থিতি হয়, তা গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রমাণিত হয়েছে। দেশে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ভেসে যাবে। আজ রোববার (২৮ মে) দুপুরে রাজধানীর মালিবাগ মোড়ে পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে জোটের নেতারা এসব কথা বলে।

পদযাত্রায় বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সভাপতির বক্তব্যে বলেন, খবর বেরিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নাকি একই নীতি ঘোষণা করবে। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার মতো গণতান্ত্রিক দেশগুলো নাকি একই নীতি গ্রহণ করতে যাচ্ছে।

২০১৪ সাল থেকে এই সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে থেকে দেশের মানুষের মুখে চুনকালি মেখে দিয়েছে- এমন মন্তব্য করে সাইফুল হক বলেন, একটা স্বাধীন-সার্বভৌম দেশকে তারা আজকে সোমালীয় ও নাইজেরিয়ার পর্যায়ে নামিয়ে নিয়ে এসেছে। প্রধানমন্ত্রী মুখে যে উন্নয়নের কথা বলতেন, আন্তর্জাতিক সম্প্রদায় জেনে গেছে-২০১৪ সালে তারা কীভাবে একতরফা ও জালিয়াতির নির্বাচন করেছে। ২০১৮ সালে তারা দিনের ভোট রাতে করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ১৮ কোটি মানুষকে অপমান করেছে। তারা কতটুকু নির্লজ্জ যে নিজেদের আবার গণতান্ত্রিক সরকার দাবি করে।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ইতোমধ্যে নামজাদা, লাঠিয়াল সংসদ সদস্যের ভিসা যে রিজেক্ট হয়েছে তার খবরও পাওয়া গেছে। তলে-তলে কাজটা শুরু হয়েছে। বিশ্বে বাংলাদেশের সুনাম আওয়ামী লীগ সরকার নষ্ট করে দিয়েছে উল্লেখ করে মান্না বলেন, বহু বছর ধরে বলছি-ভোট চুরি করে, জালিয়াতি করে, মানুষের সঙ্গে প্রতারণা করে, অত্যাচার-গুম করে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যায় না। অতএব, সময় এসেছে, এখন আপনাকে যেতে হবে। আপনি বিদ্যুৎ উৎসব করেছে, এখন পায়রা বন্দর বন্ধ হতে চলছে, ডলারের সংকটের কারণে কয়লা আনতে পারে না। জিনিসপত্র আমদানি করতে পারে না।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র নতুন যে ভিসানীতি ঘোষণা করেছে এটা নাকি অন্যায় করেছে, আওয়ামী লীগের নেতারা এমনটাই বলছে। কিন্তু মানুষের ট্যাক্সের টাকায় সরকারে বসে লুটপাট করে আপনারা কেন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেন। আপনারা কেন র‌্যাব-পুলিশ দিয়ে মানুষকে রাতের আঁধারে তুলে নিয়ে নির্যাতন করেন, মেরে ফেলেন, গুম করে ফেলেন। তার জবাব তো আপনারা দেন না। বাংলাদেশের মানুষ মাথা ঠুকে-ঠুকে তার জবাব চেয়েছে, সরকার বুড়ো আঙুল দেখিয়েছে।

সাকি আরও বলেন, মানুষকে কতটা বোকা ভাবলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যুক্তরোষ্ট্রের নতুন ভিসানীতির ফলে নাকি বিএনপি বেকায়দায় আছে। দেশে ভোট চুরি করে সরকার, সভা-সমাবেশ করতে দেয় না সরকার, মানবাধিবার লঙ্ঘন করে সরকার, আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে অকর্ম করায় সরকার, তাদের নামে বদনাম হচ্ছে সারাবিশ্বে, আর তারা বলছে ভিসানীতি নাকি বিরোধী দলের জন্য। এটা বলা একমাত্র এখন আওয়ামী লীগ নেতাদের পক্ষে সম্ভব। নির্বাচন সুষ্ঠু করা জনগণের দাবি। জনগণ তো সুষ্ঠু নির্বাচনকে বন্ধ করতে যাবে না। দেশের মানুষ জানে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের পরিণতি কী হবে? তারা ভেসে যাবে। এটা তাদের অপকর্মের ফল। কাজেই নির্বাচন বানচাল করার কোনও প্রয়োজন নেই বিরোধী দলের। জনগণ ও বিরোধী দল সুষ্ঠু নির্বাচন চায়। অবৈধ সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন ও সংবিধানের সংস্কারসহ ১৪ দফা দাবিতে শতাধিক নেতাকর্মীদের নিয়ে গণতন্ত্র মঞ্চের এই পদযাত্রা মালিবাগ মোড় থেকে শুরু হয়ে মেরুল বাড্ডা গিয়ে শেষ হয়। এতে বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, জেএসডির সহ-সভাপতি তানিয়া রব প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর