নিজস্ব প্রতিবেদক :: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিগত ৫৩ বছরে যে পদ্ধতিতে নির্বাচন চলছে এই পদ্ধতিতে ফ্যাসিস্ট, খুনি ও টাকা পাচারকারি জন্ম হয়। এই জন্য বিশ্বের ৯১ দেশে পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতির নির্বাচন রয়েছে। পিআর পদ্ধতির নির্বাচনে প্রতিটা ভোটারের মূল্যায়ন হয় এবং সংসদে প্রতিটি দলের অংশীদারত্ব থাকবে। তখন এককভাবে কেউ ফ্যাসিস্টের মতো দেশ পরিচালনার পরিবেশ পাবে না।
তিনি বলেন, আমরা বিএনপিকে বলেছি তারা মানতে চায় না, তারা পূর্বের পদ্ধতিতেই নির্বাচন চায়। কেনো চায় সেটা জানি না। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছি দেখেছি সব রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য একমত পোষণ করেছে। পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে এই দেশটা সুন্দর একটা দেশে পরিনত হবে।
আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার চরফ্যাশনে ব্রজগোপাল টাউন হলে ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করেছি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যে সংস্কার রয়েছে সেগুলো দ্রুত করে এক থেকে দেড় বছরের মধ্যে সুন্দর একটি জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা খুব সতর্ক অবস্থায় দেশ পরিচালনার দায়িত্ব পালন করবেন। কারণ ইতোমধ্যে ফ্যাসিস্ট ভারতে বিভিন্ন মিটিং করে ফেলেছে।
ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণের সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবু ইউছুফের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। সম্মেলনে ইসলামী আন্দোলন ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সম্মেলন শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের পুরনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়। কমিটিতে মাওলানা নূরউদ্দিনকে সভাপতি, মাওলানা গোলাম মোরশেদকে সহসভাপতি ও মাওলানা আব্বাস উদ্দিনকে সেক্রেটারি করা হয়।