মো: জাফর আলী :: গাজীপুরের টঙ্গী থেকে খুকুমনি আক্তার সিভা (৩৪) নামে এক আন্তঃজেলা নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার রাত ১০টার দিকে টঙ্গীর হিমারদিঘী আমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন।
গ্রেফতার খুকুমনি আক্তার সিভা ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার মোগড়া চৌমুহনী এলাকার আশিক মিয়ার স্ত্রী।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহীন মাহমুদ এর নেতৃত্বে টঙ্গী পূর্ব থানাধীন আমতলী (কেরানির টেক বস্তি) এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে খুকুমনি আক্তার সিভাকে গ্রেফতার করেন। পরে তার ব্যাগ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক জুয়েল মিয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। এব্যাপারে অধিদপ্তরের উপপরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, এঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতার নারী মাদককারবারিকে গাজীপুর আদালতে পাঠানো হবে।