শেখ কামরুল হাসান সাহা, বিশেষ প্রতিবেনঃ- নোয়াখালীর সোনাইমুড়ীতে যৌথ বাহিনীর অভিযানে আটক ছাত্রদলের সাবেক এক নেতা হাসপাতালে মারা গেছেন। সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম আবদুর রহমান (৩৪)। তিনি সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের হীরাপুর গ্রামের ছায়েদুল হকের ছেলে। সে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক ছিলেন।
নিহত আবদুর রহমানের চাচাতো ভাই মো. হানিফ গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগের অত্যাচারের কারণে ২০১২ সালের পর থেকে এলাকাছাড়া ছিলেন আবদুর রহমান। ৫ আগস্টের পর এলাকায় আসে। রোববার দিবাগত রাত ৪টার দিকে বাড়ি থেকে আবদুর রহমান ও ভাতিজা হাবিবুর রহমানকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। আটকের পর তাদের মারধর করা হয়। তাদের কাছ থেকে কার্তুজ ও কিরিচ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। পরে সকালে দুজনকে সোনাইমুড়ী থানায় সোপর্দ করা হয়। পুলিশে সোপর্দ করার পর থানায় গিয়ে দুজনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান তিনি।