জামালপুরের ইসলামপুরে চরাঞ্চলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার গণপিটুনিতে সেতাব আলী (৬৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের চরাঞ্চলের জিগাতলা গ্রামে এ গণপিটুনির ঘটনা ঘটে।
এ সময় গণপিটুনিতে ডাকাত দলের এক সদস্য ইসমাইল গুরুতর আহত হয়েছেন। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তাকে হেফাজতে নিয়েছেন। আর সুরমান আলী নামে এক ডাকাতকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, দীর্ঘ দিন ধরে যমুনার চরাঞ্চলে সেতাব আলী এবং ইসমাইল ডাকাতের একটি দল জিগাতলা গ্রামে অবস্থান করে নদী ও দুর্গম চরাঞ্চলে ডাকাতি করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে ডাকাতির প্রস্তুতির সময় এলাকার জনতা তাদের আটক করে গণপিটুনি দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেতাব আলী ও মো. ইসমাইলকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সেতাব আলীকে মৃত ঘোষণা করেন। পরে ইসমাইলকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে সুরমান আলীকে গ্রেপ্তার করা হয়।
ওসি সাইফুল্লাহ সাইফ আরও জানান, পুলিশ ডাকাতদের কাছ থেকে একটি ওয়ানশুটার ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় ইসলামপুর থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুইটি মামলা করেছে।