বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গাজীপুর জেলায় শহীদদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৬ জন শহীদ পরিবারের সদস্যদের মাঝে ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক নাফিসা আরেফীন শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহযোগিতার চেক তুলে দেন। জেলার মোট ১৮ জন শহীদ পরিবারের সদস্যদের অনুদানের চেক প্রদানের জন্য নির্ধারণ করা হয়। কিন্তু অসুবিধার কারণে দুজন শহীদের পরিবারের সদস্যরা উপস্থিত হতে পারেননি। তাই ১৬ জন শহীদ পরিবারের সদস্যদের মধ্যে চেক প্রদান করা হয়। বাকী দুজন শহীদ পরিবারের সদস্যদের পরে চেক প্রদান করা হবে।
অনুষ্ঠানে গাজীপুরের সিভিল সার্জন ডা: মাহমুদা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসকগণ,জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাগণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, সুধীবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।