এস এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: ঢাকা মহানগর উত্তর যুবদলের পল্লবী থানায় ৫ নম্বর ওয়ার্ডে কর্মিসভা হয়েছে। আজ সোমবার সকালে এ কর্মিসভার উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। প্রধান বক্তা হিসেবে যোগ দেন মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম ও আবুল হাসান টিটু, পল্লবী থানা যুবদলের আহ্বায়ক হাজী নুর ইসলাম ও সদস্যসচিব গোলাম কিবরিয়া।
এ সময় আমিনুল হক বলেন, যারা অনুপ্রবেশকারীদের সহযোগিতা করবেন তারা বিএনপির কর্মী হওয়ার যোগ্যতা হারাবেন। যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন, তারা আগামী দিনে জনগণের দুর্ভোগ লাঘবে অগ্রণী ভূমিকা রাখবেন। জনগণ সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু, আগামী দিনে জনগণ যেভাবে চাইবে সেভাবে রাষ্ট্র পরিচালনা করা হবে। বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, তারা আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের প্রতিবেশী; আমরা সবাই মিলে আগামী দিনে সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ব।’
ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল বলেন, ‘যুবদলে কোনো অনুপ্রবেশকারীর স্থান হবে না, আন্দোলন-সংগ্রামে যারা ভূমিকা রেখেছে শুধু তারাই আগামী দিনে যুবদলের নেতৃত্বে আসবে। যারা দলের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত হবে, আমাদের অর্জনে কালি লাগাবে তাদের বিরুদ্ধে বিএনপি তথা যুবদল কঠোর ব্যবস্থা নেবে। স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু তার অনেক দোসর রেখে গেছে, তারা দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। বিদেশি প্রভুদের উসকানিতে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।’
জুয়েল বলেন, ‘বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, ধর্ম যার যার রাষ্ট্র সবার। বিএনপি জনগণের দল, জনগণের পাশে ছিল এবং জনগণের পাশে থাকবে। যদি কারো দ্বারা কোনো জনদুর্ভোগের সৃষ্টি হয়, তাদের বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা নেবে, প্রয়োজনে আইনের সহায়তা নেওয়া হবে। হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের স্থান যুবদলে নেই। দেশের বাইরে বসে হাসিনা তার বিদেশি প্রভুদের সহায়তায় এখনো দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে যারা লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।