July 9, 2026, 11:11 am

উত্তরায় সাবেক এমপি হাবিব হাসানের দুই গাড়ি জব্দ, কোটি টাকা উদ্ধার

স্টাফ রিপোর্টার, উত্তরা ::
  • আপডেট Monday, September 23, 2024
  • 109 জন দেখেছে

রাজধানীর উত্তরায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুরবাড়ি থেকে নগদ এক কোটি ১৬ লাখ টাকা, বিপুল পরিমাণ বিভিন্ন বৈদেশিক মুদ্রা, একটি ল্যান্ড ক্রুজার, একটি হ্যারিয়ার গাড়ি জব্দ করেছে পুলিশ ও যৌথ বাহিনী। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- শাহজাদা খান সাজ্জাদ, মো. তৌজিদুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম।
ঢাকা মেট্রোপিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম যৌথ অভিযান চালিয়ে এসব জব্দ ও তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতাররা পুলিশকে জানায়, জব্দ টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি দুটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন তথ্য ছিল উত্তরার ৭ নম্বর সেক্টরের একটি বাড়িতে পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেটসহ অস্ত্র-গুলি রয়েছে। এই তথ্যের ভিত্তিতে রোববার (২২ সেপ্টেম্বর) সেনাবাহিনী ও উত্তরা পশ্চিম থানার একটি যৌথ টিম ওই বাসায় স্থানীয় সাক্ষীসহ প্রবেশ করে। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে এক কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা, ৬৫টি ১০০ মার্কিন ডলারের নোট, ৪টি ২০ মার্কিন ডলারের নোট, একটি ৫ মার্কিন ডলারের নোট, একটি এক মার্কিন ডলারের নোট, ৪১টি ১০০০ থাইবাথ নোট, ১১টি ১০০ থাইবাথ নোট, ২টি ৫০০ খাইবাথ নোট, ২৮টি ২০ থাইবাথ নোট, ৩টি ৫০ থাইবাথ নোট, ২০টি ৫০০ দেরহামের নোট, একটি ১০০ দেরহামের নোট, একটি ২০ দেরহামের নোট, ৩টি ১০ দেরহামের নোট, ২টি ৫ দেরহামের নোট, ৫টি ১০০ কানাডিয়ান ডলারের নোট, ২টি ১০ সিঙ্গপুর ডলারের নোট, একটি ২ সিঙ্গপুর ডলারের নোট, একটি ১০০ রিয়ালের নোট, দুটি ৫০ রিয়ালের নোট, দুটি ১০ রিয়ালের নোট, তিনটি ৫ রিয়ালের নোট, একটি এক রিয়ালের নোট, একটি ২ হাজার রুপির নোট, ৬০টি ৫০০ রুপির নোট, একটি ২০০ রুপির নোট, ৫টি ১০০ রুপির নোট, ৫টি ৫০ রুপির নোট, ৪টি ২০ রুপির নোট, ৬টি ১০ রুপির নোট, ৩টি নেভি ব্লু রংয়ের বুলেটপ্রুফ জ্যাকেট যাদের সামনে ও পেছনে উভয় পাশে ইংরেজিতে ‘POLICE’ লেখা ও ২টি প্রাইভেটকার জব্দ করা হয়।
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান আরও বলেন, উদ্ধার করা তিনটি বুলেটপ্রুফ জ্যাকেট পলাতক ঢাকা-১৮ এর সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার ছেলে পলাতক আবির হাসান তামিমসহ গ্রেফতাররা গত ৫ আগস্টের পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সময় ব্যবহার করতো।
ডিএমপির ডিসি আরও বলেন, যে বাড়িতে অভিযান পরিচালনা করা হয় সেটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুরবাড়ি। আর জব্দ টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি দুটি মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর