স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টায় তিনি ওই কারাগার থেকে মুক্ত হন। সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়ার এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে। সুইডেন আসলামের নামে ২২টি মামলা রয়েছে। এরমধ্যে ৯টি হত্যা মামলা বলে জানা গেছে।
কারা কর্তৃপক্ষ জানায়, সুইডেন আসলাম ২০১৪ সাল থেকে কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। তার হাজতি নম্বর ছিল-৬৬৩/২০। তিনি ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেফতার হন। এরপর বিভিন্ন কারাগারে অবস্থান করেন। মঙ্গলবার তার জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারে এসে পৌঁছায়। পরে রাত ৯টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত বলেন, ২০১৪ সাল থেকে তিনি কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। তার জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে রাতেই তাকে মুক্তি দেওয়া হয়।