August 23, 2026, 9:12 pm

টঙ্গীতে চাকরিচ্যুত শ্রমিকদের সাথে কর্মরত শ্রমিকদের সংঘর্ষ, ১১ কারখানায় ছুটি ঘোষণা

Reporter Name
  • আপডেট Monday, September 2, 2024
  • 111 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে চাকুরিচ্যুত শ্রমিকদের সাথে কর্মরত শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষোভকারীরা বেশ কিছু কারখানা ভাংচুর করে। এতে প্রায় ১১টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার সকালে টঙ্গীর বিসিক এলাকার সব পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগদেন। এরপর সকাল সাড়ে ৯টার দিকে চাকরিচ্যুত কয়েকশ শ্রমিক বিভিন্ন পোশাক কারখানার গেটে অবস্থান নেন। এ সময় কর্মরত শ্রমিকদের আন্দোলনে যোগ দিতে আহ্বান জানান। একপর্যায়ে কারখানায় কর্মরত শ্রমিকরা তাদের আন্দোলনে যোগ দিতে অস্বীকৃতি জানান। এতে চাকরিচ্যুত শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বেশ কয়েটি কারখানায় ভাঙচুর চালায়। কিন্তু কর্মরত শ্রমিকরা চাকুরীচ্যুত শ্রমিকদের প্রতিরোধের চেষ্টা করেন। এতে চাকরিচ্যুত শ্রমিকদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ভাঙচুর এড়াতে প্রায় ১১টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ঘটনায় চাকরিচ্যুত দুইজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।
ছুটি ঘোষণা করা কারখানাগুলো হলো-টঙ্গীর বিসিক এলাকার টসি নিট ফেব্রিক্স লিমিটেড, ন্যাশনাল কম্পোজিট লিমিটেড, পেট্রিয়ট ইকো অ্যাপারেলস লিমিটেড, বেলিসিমা অ্যাপারেলস লিমিটেড, জিনস অ্যান্ড পোলো লিমিটেড, টেঙ্গন গার্মেন্টস লিমিটেড, রেডিসন গার্মেন্টস লিমিটেড, সুমি অ্যাপারেলস লিমিটেড, আরবিএস গার্মেন্টস লিমিটেড, গার্ডেন টেক্সটাইল লিমিটেড ও তাজকিয়া অ্যাপারেলস লিমিটেড।
এদিকে দুপুরে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করলে চাকরিচ্যুত শ্রমিকরা টঙ্গীর বিসিক এলাকার পানির ট্যাঙ্কির শাখা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। দুপুর ৩টা পর্যন্ত সেখানে অবস্থান নেন তারা।
চাকরিচ্যুত শ্রমিক মো. রমজান হোসেন বলেন, কারখানাগুলোতে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নারী শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হয়। কারখানায় থাকা শ্রমিকদের আমাদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানালে তারা যোগ দেয়নি। ফলে আমরা সড়কে অবস্থান করি। দাবি না মেনে নিলে কোনো শ্রমিকদের গার্মেন্টসে ঢুকতে দেওয়া হবে না। তাজকিয়া অ্যাপারেলস লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (মানবসম্পদ) হেমায়েত উদ্দিন বলেন, সকালে বহিরাগতরা কারখানার সামনে জড়ো হয়ে প্রধান ফটকে ভাঙচুর চালায়। ভাঙচুর ও ক্ষতি এড়াতে ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, চাকরিতে বৈষম্য ও পুরুষ শ্রমিকদের নিয়োগে অগ্রাধিকারের দাবি জানিয়ে কয়েকশ শ্রমিক ১১টি কারখানায় ভাঙচুর চালায়। বিক্ষুব্ধরা টঙ্গীর বিসিকের একটি সড়কে অবস্থান নেন। তাদের বুঝিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর