July 9, 2026, 1:51 pm

ওলামা মাশায়েখ পরিষদের ত্রাণ বিতরণে ধর্ম উপদেষ্টা, ক্ষতিগ্রস্তদের সহায়তায় সবাই এগিয়ে এসেছে

Reporter Name
  • আপডেট Tuesday, August 27, 2024
  • 81 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ধর্মবর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ এগিয়ে এসেছে। বন্যার্তদের সহায়তায় সকলেই ভূমিকা রাখছে।
উপদেষ্টা আরও বলেন, বন্যায় মানুষজন ঘরবাড়ি ছেড়ে মসজিদ, মাদরাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন। বন্যাদুর্গতদের সাহায্যার্থে এ দেশের আলেম ওলামা ও বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছেন। আমি তাদের সাধুবাদ জানাই। আজ মঙ্গলবার দুপুরে ফেনীর লালপোল সিলোনিয়াসহ বন্যাদুর্গত বিভিন্ন স্পটে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে স্থাপিত বিভিন্ন অস্থায়ী আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
বন্যাদুর্গত এলাকা পরিদর্শনকালে তিনি সদর উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া মাদরাসায় অস্থায়ী আশ্রয়কেন্দ্রের জন্য ১শ প্যাকেট ত্রাণসামগ্রী ও নগদ ৫০ হাজার টাকা দেন। এছাড়া মধুপুর জামে মসজিদ এলাকায় ৩শ’ প্যাকেটসহ মোট ১ হাজার প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি৷
ধর্ম উপদেষ্টা বলেন, সকলের সহযোগিতায় আমরা আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। জাতির যেকোন দুর্যোগে এদেশের আলেম ওলামারা সবার আগে এগিয়ে আসেন, এবারও তার ব্যতিক্রম হয়নি। এটি আমাদের জন্য গর্বের।
বন্যায় নিহতের প্রসঙ্গে তিনি বলেন, বন্যায় যারা মারা গেছেন তাদের দাফনের বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া আছে। দাফনের ব্যবস্থা না করা গেলে বন্যাকবলিত এলাকার বাইরে তাদের দাফনের ব্যবস্থা নেওয়া যেতে পারে। এক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। বন্যার্তদের সহযোগিতায় ধর্ম মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারির একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশের ১৮টি জেলায় সৃষ্ট ভয়াবহ পানি বন্যায় বানভাসী পানিবন্দীদের জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। টানা ৬দিনের কার্যক্রমের ধারাবাহিকতায় মঙ্গলবার কুমিল্লা পাদুয়ার বাজার বিশ্বরোডে অবস্থিত জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের অস্থায়ী ক্যাম্পে উপস্থিত হয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসাইন।
তিনি সকাল ১১টায় ক্যাম্পে উপস্থিত হলে সংগঠনটির সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী শামসুদদোহা আশরাফী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ইসামাইল সিরাজী মাদানী, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ কাসেমীসহ কেন্দ্রীয় দায়িত্বশীলগণ তাকে স্বাগত জানান এবং তিনি ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ক্যাম্প থেকে বিভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ করেন।
এছাড়াও এদিন সকাল থেকে বন্যার্তদের জন্য কার্যক্রম পরিচালনায় স্থাপন করা অস্থায়ী ক্যাম্প থেকে কুমিল্লার ৮টি স্পটে, নোয়াখালীর ৭টি স্পট ও ফেনী, লক্ষীপুরসহ বিভিন্ন দুর্গত এলকায় খাবার প্যাকেট পাঠানো হয়।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ও জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামানসহ একটি টিমও আজকে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার বলেন, যতদিন এই পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন পীর সাহেব চরমোনাই ঘোষিত এই সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। তিনি দেশের সকলকেই এই কার্যক্রমে অংশ নিতে আহবান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর